ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন

ময়মনসিংহ সদরে ছয় বছর আগে শফিকুল ইসলাম শপু নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে তার দ্বিতীয় স্ত্রী আফরোজা শেখ ইতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অনাদায়ে তাকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন। দণ্ডিত আফরোজা শেখ ইতি ময়মনসিংহ নগরীর হাবন বেপারী এলাকার বাসিন্দা।

মামলার বিবরণে বলা হয়, শফিকুল ইসলাম শপু প্রথম স্ত্রী মাহমুদা আক্তার ঝুমুকে বিয়ে করে মায়ের সঙ্গে নগরীর বাশবাড়ী কলোনিতে থাকতেন। তাদের সংসারে একটি ছেলে সন্তানও রয়েছে। পরবর্তীতে নগরীর হাবন বেপারী এলাকার বাসিন্দা আফরোজা শেখ ইতির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এবং পরে তাকে বিয়ে করেন শপু।

বিয়ের পরও শপু প্রথম স্ত্রী ও সন্তানের সঙ্গে যোগাযোগ রাখতেন। এ নিয়ে দ্বিতীয় স্ত্রী ইতির সঙ্গে তার প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। বিষয়টি মেনে নিতে না পেরে ২০১৯ সালের ১০ জুন সন্ধ্যায় ইতি তার আকুয়া হাবন বেপারী এলাকার বাসায় শপুকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মরদেহ বাড়ির সামনের পুকুরের কচুরিপানার ভেতরে লুকিয়ে রাখেন।

এরপর ১৩ জুন পচা পুকুরে কচুরিপানার ভেতরে শপুর হাত দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। এ ঘটনায় ওই দিনই শপুর মা নুরুন্নাহার বাদী হয়ে ইতি ও তার ভাই দ্বীন ইসলামকে আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় তদন্ত ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ, আইনজীবীদের যুক্তি তর্ক শেষে আদালত অভিযুক্ত ইতিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা প্রদান করেন। এ ছাড়াও দ্বীন ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দেন।