দেশজুড়ে গড়ে ওঠা নার্সিং ও মেডিকেল কলেজগুলো সরকারি নীতিমালা মেনে পরিচালিত না হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জিয়াউদ্দিন হায়দার বলেন, ‘দেশের নার্সিং শিক্ষার মান বাড়াতে ফিলিপাইনের সহযোগিতা নেবে বাংলাদেশ। এ লক্ষ্যে দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর সহায়তায় বাংলাদেশ ও ফিলিপাইনের যৌথ উদ্যোগে ১৫০ মিলিয়ন ডলারের একটি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। এই প্রকল্পের আওতায় ফিলিপাইন থেকে প্রশিক্ষক এনে দেশের নার্সিং শিক্ষক ও ফ্যাকাল্টিদের প্রশিক্ষণ দেওয়া হবে।’
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জানান, চার বছরের মানসম্মত নার্সিং কোর্স চালুর পাশাপাশি ক্লাসরুম আধুনিকায়ন এবং আদর্শ ল্যাব স্থাপন করা হবে। এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং বিপুল সংখ্যক দক্ষ জনশক্তি বিদেশে রপ্তানি করা সম্ভব হবে।