ইরাককে যুদ্ধে না জড়ানোর আহ্বান শিয়া নেতা মুকতাদার, আইআরজিসিকে সতর্কবার্তা

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইরাকের মাটি ব্যবহার করে কোনো ধরনের সামরিক তৎপরতা চালানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রভাবশালী শিয়া নেতা মুকতাদা আল-সাদর।

বুধবার (২৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ইরাককে কখনো কোনো হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করা হয়নি। তাই ইরানের বাহিনী ও সংশ্লিষ্ট মিলিশিয়াদের উচিত ইরাকের ভূখণ্ড থেকে দূরে থাকা।

আল-সাদর সতর্ক করে বলেন, কিছু অবাধ্য মিলিশিয়া যেন এমন পরিস্থিতি তৈরি না করে, যাতে উপসাগরীয় দেশগুলো ইরাককে লক্ষ্যবস্তু করার অজুহাত খুঁজে পায়। তিনি মনে করেন, ইরাককে আরেকটি অর্থহীন যুদ্ধে জড়িয়ে ফেলার চেষ্টা চলছে। এ অবস্থায় দেশের সার্বভৌমত্ব রক্ষায় সরকারকে আরও কঠোর অবস্থান নিতে হবে বলেও তিনি মত দেন।

একইসঙ্গে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, দেশের ভেতরে ও বাইরে থাকা সন্ত্রাসী গোষ্ঠীগুলো সাম্প্রদায়িক বিভাজনকে কাজে লাগিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে পারে। দীর্ঘদিনের যুদ্ধে ইরাকের সম্পদ ও মর্যাদা দুটোই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন দেশটির সবচেয়ে বেশি প্রয়োজন শান্তি।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিও শান্তি ও পারস্পরিক সমঝোতার আহ্বান জানিয়েছেন আল-সাদর। তিনি বিদেশি সামরিক ঘাঁটিমুক্ত, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণমুক্ত এবং বিদেশি আধিপত্য থেকে মুক্ত একটি অঞ্চল গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।