চাইলে ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক চাপাতে পারবেন ট্রাম্প

ভারত ও চীনসহ পাঁচটি দেশের ওপর চাইলেই শুল্ক আরোপ করতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা-সংক্রান্ত একটি বিল মার্কিন সিনেটে অনুমোদন হয়েছে। এর মাধ্যমে শুল্ক আরোপের বিষয়ে সিনেটে আলোচনা হবে। পাশ হলে শুল্ক চাপাতে প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে আর কোনো বাধা থাকবে না।

স্থানীয় সময় মঙ্গলবার বিলটি নিয়ে আলোচনার জন্য প্রস্তাব পেশ হয় মার্কিন সিনেটে। পক্ষে ভোট পড়ে ৮৬। আর বিপক্ষে মাত্র ১২। অর্থাত্, সিনেটে শুধু রিপাবলিকান সদস্যেরা নন, ডেমোক্র্যাট সিনেটররাও এই বিল নিয়ে আলোচনার পক্ষে ভোট দেন। গত বছরের এপ্রিলে সদ্য প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম মার্কিন কংগ্রেসে শুল্কসংক্রান্ত একটি বিল পেশ করেছিলেন।

বিলে বলা হয়েছিল, মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে যদি কোনো দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখে, তবে সংশ্লিষ্ট দেশ থেকে আমদানি করা পণ্যে ৫০০ শতাংশ শুল্ক বসানো হবে। যদিও সেই বিল এখনো কার্যকর হয়নি। আমেরিকা যে নতুন বিলের কথা বলছে, সেটা ঐ বিলেরই সংশোধনী। সংশোধনী বিলে শুল্কের পরিমাণ ১০০ শতাংশ করা হয়েছে। ভারত ছাড়াও চীন, স্লোভাকিয়া, হাঙ্গেরি এবং আজারবাইজানের কথা উল্লেখ রয়েছে বিলে। —সিএনবিসি