ইরানের অভ্যন্তরে বিভিন্ন সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে রাতভর একের পর এক বড় ধরনের বিমান হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
মার্কিন সময় বুধবার (২৯ জুলাই) রাত আটটায় (গ্রিনিচ মান সময় রাত ১২টা) এই হামলা শুরু হয় এবং পরবর্তীতে ইরানের দক্ষিণাঞ্চলীয় একাধিক প্রদেশ ও দ্বীপে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে প্রেস টিভি জানিয়েছে।
ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত বুশেহর প্রদেশে, যেখানে বিমান হামলার পর শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে বলে আইআরআইবি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম নিশ্চিত করেছে। তবে এতে পারমাণবিক কেন্দ্রের কোনো ক্ষতি হয়েছে কি না বা হতাহতের সংখ্যা কত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আইআরআইবি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে খোজেনিস্তান প্রদেশের সহকারী নিরাপত্তা মন্ত্রীর বরাতে জানানো হয়েছে যে মার্কিন সামরিক বাহিনী আবদানের কিছু নির্দিষ্ট স্থাপনায় হামলা চালিয়েছে। এছাড়া হরমোজগান প্রদেশের বন্দরনগরী বান্দর আব্বাস এবং প্রখ্যাত কেশব, কিশ ও আবু মুসা দ্বীপে ভারী বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তবে হরমুজগানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সিজিক শহরে কোনো আক্রমণ ঘটেনি বলে নিশ্চিত করেছেন।
ইরানের আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে যে দেশটির ফার্স প্রদেশের কাজরুন শহরের উপকণ্ঠে মার্কিন বাহিনী বিমান হামলা চালিয়েছে। একই সাথে কেশম দ্বীপের লোকালয়ে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এবং সেখানে তিনটি বিস্ফোরণ ঘটেছে, তবে এতে কোনো হতাহত হয়েছে কি না তা এখনো স্পষ্ট নয়।
অন্যদিক কিশ দ্বীপে দুটি বড় ধরনের বিস্ফোরণের কথা তাসনিম জানালেও স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে দ্বীপের বিমানবন্দর ও ফেরি চলাচল পরিষেবা এখনো স্বাভাবিক এবং কার্যকর রয়েছে।
সূত্র: আল জাজিরা লাইভ