বিয়ের প্রস্তাবের বন্যায় ভাসছেন ককরোচ জনতা পার্টির অভিজিৎ দিপকে

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা ও ৩০ বছর বয়সী তরুণ অধিকারকর্মী অভিজিৎ দিপকের জন্য এখন বিয়ের প্রস্তাবের ছড়াছড়ি। দেশজুড়ে প্রশ্নপত্র ফাঁসবিরোধী আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠার পর থেকেই তার বিয়ের প্রস্তাব আসার হার উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে বলে জানিয়েছে তার পরিবার।

সম্প্রতি সর্বভারতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলনে নেতৃত্ব দিয়ে ব্যাপক পরিচিতি পান অভিজিৎ। আন্দোলনের জনপ্রিয়তা তার ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন তার মা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজিতের মা অনিতা দিপকে বলেন, আন্দোলন শুরুর আগেও ছেলের জন্য বিয়ের প্রস্তাব আসত। তবে সিজেপির নেতৃত্বে জাতীয় পরিচিতি পাওয়ার পর সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তিনি বলেন, আন্দোলনের আগে থেকেই প্রস্তাব আসছিল। এখন আগের তুলনায় অনেক বেশি মানুষ যোগাযোগ করছেন।

অনিতা দিপকে জানান, অভিজিৎ যুক্তরাষ্ট্রের বোস্টনে পড়াশোনার সময়ও পরিবার থেকে তার বিয়ে নিয়ে আলোচনা হয়েছিল। তবে সে সময় তিনি এ বিষয়ে কোনো স্পষ্ট মত দেননি। বিয়ের প্রসঙ্গ উঠলেই তিনি শুধু হেসে বিষয়টি এড়িয়ে যেতেন।

তিনি জানান, বাবা-মা হিসেবে তারা চান অভিজিৎ এবার সংসার শুরু করুক। কয়েক দিনের মধ্যে তিনি বাড়ি ফিরলে বিষয়টি নিয়ে আবারও আলোচনা করবেন। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ছেলের হাতেই থাকবে।

৩০ বছর বয়সী অভিজিৎ দিপকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা। যুক্তরাষ্ট্রের বোস্টনে উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে তিনি তরুণদের সংগঠিত করে প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থার বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়ে সারা ভারতে আলোচনায় আসেন।