ডেভিড ইমনের দেওয়া তথ্যে দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার

যশোর থেকে গ্রেপ্তার আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ওরফে মোবারক হোসেন ইমনের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অভিযান চালিয়েছে জেলা পুলিশ। এ সময় অভিযান চালিয়ে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়। বুধবার (২৯ জুলাই) রাতে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে অভিযান চালিয়ে একটি বসতঘর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে– একটি বিদেশি পিস্তল, দুইটি দেশীয় এলজি এবং গুলিসহ অন্যান্য দেশীয় অস্ত্র।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, যশোর থেকে বুধবার রাত ১১টার দিকে ডেভিড ইমনসহ চার জনকে চট্টগ্রামে আনা হয়। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক সাড়ে ৩টায় ফটিকছড়ি থানার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের পাইট্রাল টিলাপাড়ায় মৃত আবুল হোসেনের পরিত্যক্ত বসতবাড়িতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, দুইটি দেশীয় এলজি এবং অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।