সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সুনামগঞ্জের ছাতকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা। এতে অটোরিকশার দুই যাত্রী নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হাইওয়ে থানার এস আই জহিরুল ইসলাম। এর আগে এদিন ভোরে এই সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জাতুয়া এলাকায় ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তিনি।

নিহতরা হলেন- রজব আলী (৫০) ও মো. নুর উদ্দিন (৩৫)।

এদের মধ্যে নুর উদ্দিন দোলারবাজার ইউনিয়নের জটি গ্রাম এবং রজব আলী দোলারবাজার ইউনিয়নের কল্যাণপুর গ্রামের বাসিন্দা। তাছাড়া তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। নিহতরা দুজনই অটোরিকশার যাত্রী ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, সিলেটগামী লেনে পার্কিং করে রাখা ছিল একটি ট্রাক (মেট্রো-ড-১১-৩১৬৪)। এসময় নাম্বারবিহীন যাত্রবাহী সিএনজিচালিত অটোরিকশাটি ট্রাকের পেছনে এসে ধাক্কা দেয়। এতে সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নুর উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। তাছাড়া দুর্ঘটনায় আহত মো. রজব আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

হাইওয়ে থানার এস আই জহিরুল ইসলাম দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কায় দুর্ঘটনার সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জয়কলস হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। দুর্ঘটনাস্থল থেকে আরও তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।