‘বিশ্বকাপে আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ ৩ দেশ’

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলেই। তার দাবি, বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনাবিরোধী প্রচারণার পেছনে অর্থায়ন করেছে ব্রাজিল সরকার, মেক্সিকো সরকার এবং যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টি।

স্পোর্টসবিষয়ক ওয়েবসাইট গিভমি স্পোর্ট–এর তথ্য অনুযায়ী, স্থানীয় রেডিও স্টেশন রেডিও মিত্র–কে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘এই আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় সবচেয়ে বেশি অর্থ ঢেলেছে কে? ব্রাজিল সরকার। মোট অর্থায়নের ২৫ শতাংশ এসেছে ব্রাজিল সরকারের কাছ থেকে। আর তারাই আবার আমাকে হস্তক্ষেপ নিয়ে উপদেশ দেয়!’

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলেই

তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি মিলেই। তিনি আরও বলেন, ‘এই প্রচারণা মূলত মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টি দ্বারা অর্থায়িত হয়েছে। কারা তারা? তারা হলো প্রগতিশীল নেতা, যারা স্বাধীনতার ধারণা সফল হোক তা চায় না।’

বিশ্বকাপের পর আর্জেন্টিনাকে ঘিরে নানা বিতর্ক তৈরি হয়েছে। ২০২৬ বিশ্বকাপে দলটি বাড়তি সুবিধা পেয়েছে; এমন অভিযোগ যেমন উঠেছে, তেমনি ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টাইন ফুটবলারদের আচরণ নিয়েও সমালোচনা হয়েছে। প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে উত্তেজনা ও হাতাহাতির ঘটনাও আলোচনায় এসেছে।