চাঁদপুরের মতলব দক্ষিণে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক ব্যক্তিকে তার মেয়ে ও ছেলেসহ মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় শাহীন কাজী (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
গত বুধবার (২৯ জুলাই) এশার নামাজের পর মতলব পৌরসভার উত্তর নলুয়া এলাকার নুরুল ইসলামের সুপারিবাগানে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে অভিযুক্ত শাহীন কাজীকে আটক করে পুলিশ।
আহত জহিরুল হক মুকুল দেওয়ান বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এবং মতলব পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া মেয়েকে একই এলাকার হোসেন কাজীর ছেলে শাহীন কাজী দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন এবং প্রেমের প্রস্তাব দিতেন। বিষয়টি বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছালে মেয়ের বাবা এ বিষয়ে অভিযুক্তের পরিবারের কাছে জানতে চান। এতে তারা ক্ষিপ্ত হয়ে বাবা, মেয়ে ও ছোট ছেলের ওপর হামলা চালায়। হামলায় তিনজনই আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মতলব সরকারি হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় আহত শিক্ষার্থীর মা মাকসুদা বেগম বাদী হয়ে বৃহস্পতিবার মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে শাহীন কাজীকে আটক করা হয়।
এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) ইমতিয়াজ কবির বলেন, মামলার এজাহারভুক্ত আসামি শাহীন কাজীকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।