রাইস কুকারে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় রাইস কুকারে ভাত রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফরোজা খাতুন (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শ্রীপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আফরোজা খাতুন ওই গ্রামের শামীম হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আফরোজা খাতুন রাইস কুকারে ভাত বসিয়ে পাশের কক্ষে যান। কিছুক্ষণ পর পোড়া গন্ধ পেয়ে তিনি দ্রুত রান্নাঘরে ফিরে আসেন এবং রাইস কুকারের ঢাকনা খোলেন। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। এ সময় রাইস কুকারের গরম পানি তার শরীরের ওপর পড়ে। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক আফরোজা খাতুনকে মৃত ঘোষণা করেন।

শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, শ্রীপুর গ্রামে রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফরোজা খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মরদেহ বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে রয়েছে।