ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে আপত্তিজনক ভিডিও ও ছবি ছড়ানোর অভিযোগে মেটা ইন্ডিয়ার প্রধান অরুণ শ্রীনিবাসসহ একাধিক ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ককরোচ জনতা পার্টির (সিজিপি) সাম্প্রতিক বিক্ষোভের পর হায়দরাবাদ সাইবার ক্রাইম পুলিশ ব্যবসায়ী এস অরবিন্দ রেড্ডি এবং তেলেঙ্গানা বিজেপির কর্মী টি সাইকিরণ গৌডের দুটি পৃথক অভিযোগের ভিত্তিতে এই আইনি পদক্ষেপ নেয়।
অভিযোগে জানানো হয়, ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিও এবং ছবিগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা ডিজিটাল প্রযুক্তির সাহায্যে প্রধানমন্ত্রীর বিকৃত রূপ ফুটিয়ে তোলা হয়েছে যা মানহানিকর, উস্কানিমূলক এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করার মতো।
এই ঘটনার আগে প্রধানমন্ত্রী মোদির অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি ভিডিও ফেসবুকে সাময়িকভাবে ব্লক হয়ে যাওয়ায় ভারত সরকারের ক্ষোভের মুখে পড়ে মেটা। পরে মেটা সরকারের কাছে দুঃখপ্রকাশ করে জানায় যে উচ্চপর্যায়ের অ্যাকাউন্টগুলোর সুরক্ষায় অতিরিক্ত তদারকি নিশ্চিত করা হবে এবং যেকোনো সিদ্ধান্ত অন্তত দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা পর্যালোচনার পর গ্রহণ করবেন। মেটার প্রতিনিধি দল চলতি সপ্তাহের শেষের দিকে সরকারের সঙ্গে বিষয়বস্তু নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে বৈঠকে বসবে।
একই সঙ্গে যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভ এবং ২০ জুলাই ‘সংসদ চলো’ পদযাত্রায় সহিংসতার ঘটনার পর দিল্লি পুলিশও প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে তৈরি অপমানজনক মন্তব্য ও পোস্ট অবিলম্বে মুছে ফেলার নির্দেশ দিয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং কয়েকটি সংবাদ পোর্টালকে।
সূত্র: এনডিটিভি