বাঁশখালীতে মৎস্যঘের দখল নিয়ে গোলাগুলি, নিহত ১

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মৎস্যঘের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে একজন নিহত এবং দুজন আহত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) রাত ২টার দিকে উপজেলার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরল এলাকার বঙ্গোপসাগরসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জিল্লুর রহমান (৩০) গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গুলিবিদ্ধ আরও দুজনকে গুরুতর আহত অবস্থায় একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৎস্যঘেরের দখল ও ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার গভীর রাতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে উভয় পক্ষ গোলাগুলিতে জড়িয়ে পড়লে তিনজন গুলিবিদ্ধ হন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।