রাজধানীর কলাবাগানের একটি ছাত্রী হোস্টেল থেকে পিংকি বিশ্বাস (১৯) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) সকালে তার মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জানা যায়, পিংকি বিশ্বাস নগরীর মিরপুর রোডের পাশে অবস্থিত বেসরকারি আনোয়ার খান মর্ডান নার্সিং কলেজে প্রথম বর্ষে পড়তেন। তার বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়। তিনি কলাবাগান ক্রিসেন্ট রোডে একটি ছাত্রীনিবাসের পাঁচতলা ভবনের নিচতলায় থাকতেন।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) লিজা আক্তার জানান, সকাল ৮টার দিকে ভবনের মালিকের কাছ থেকে খবর পেয়ে কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে সবুজ রঙের ওড়না পেঁচানো অবস্থায় ছাত্রীর ঝুলন্ত লাশ পাওয়া যায়। লাশ ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
কক্ষটিতে তিনজন ছাত্রী থাকতেন জানিয়ে এসআই বলেন, তাদের মধ্য দুজন ছুটি পেয়ে বাড়ি গেছেন। পিংকি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।