প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) একেএম শামছুল ইসলামের স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মানহানিকর পোস্ট’ দেওয়ার অভিযোগে রাজশাহী থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (৩১ জুলাই) ভোরে র্যাব-৫, রাজশাহী সদর কোম্পানির একটি দল রাজশাহীর রাণীবাজার এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার পলাশ চৌধুরী (৪৮) নগরীর মালোপাড়ার বাসিন্দা।
এদিকে বিকেলে র্যাব-৫, রাজশাহীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে পলাশ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাদী নুর মোহাম্মদ (৩০) প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা। গত ১ জুলাই বিকেলে তিনি ফেসবুকে দেখতে পান, কয়েকটি ফেসবুক আইডি, গ্রুপ, পেজ ও টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সহধর্মিণীর নামে মিথ্যা, অশ্লীল ও মানহানিকর বক্তব্য প্রচার করা হয়েছে। এ ঘটনায় তিনি (নুর মোহাম্মদ) গত ২ জুলাই রাজধানীর গুলশান থানায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন।
এজাহারে উল্লেখ করা হয়, এসব পোস্ট পরবর্তীতে বিভিন্ন ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে ভুক্তভোগীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়। পাশাপাশি তিনি মানসিকভাবে হেয় প্রতিপন্ন, মানহানির শিকার হন। ওই মামলা দায়েরের পর চারজনকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। মামলার তদন্তের ধারাবাহিকতায় রাজশাহী থেকে পলাশ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি (পলাশ চৌধুরী) ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে গুলশান থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।