বিশ্বের অনেক বিপ্লব ও গণ-অভ্যুত্থান আত্মঘাতী তৎপরতা, সহিংসতা ও অতিমাত্রায় বাড়াবাড়ির কারণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি উল্লেখ করেন, এসব পরিস্থিতি প্রতিবিপ্লব ও প্রতি-অভ্যুত্থানের জমিন তৈরি করেছে। অতীতে অসংখ্য বিপ্লব ও অভ্যুত্থান হটকারিতা ও নৈরাজ্যের মধ্য দিয়ে নিজেদের নেতা ও সন্তানদেরই গ্রাস করেছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর নাখালপাড়ার আহরিকা হোটেল মিলনায়তনে জুলাই গণ-অভ্যুত্থানবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের অংশীদার ও সংশ্লিষ্ট সবার প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক মতবিরোধ রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। নিজেদের মধ্যে আত্মঘাতী সংঘাত-সংঘর্ষে জড়িয়ে পড়লে অপশক্তি সেই সুযোগ গ্রহণ করতে পারে।’
সাইফুল হক বলেন, ‘এক যাত্রায় সবকিছু অর্জনের চিন্তা করা ঠিক নয়। আর সবকিছু যদি বিএনপি সরকারকেই দিয়ে করাতে হয়, তাহলে অন্য রাজনৈতিক দলগুলোর রাজনীতি করার প্রয়োজন থাকবে না।’
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের গণ-আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি সরকারের প্রতি দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সাইফুল হক।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগঠক ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য ও নারীনেত্রী বহ্নিশিখা জামালী, ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজ আলী, শ্রমিকনেতা জাকির হোসেন তালুকদার, মকবুল হোসেন ও আজাদ হোসেন হৃদয়সহ অন্যরা।
আলোচনা সভার শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই শহীদ বদিউজ্জামাল ও আবদুল লতিফসহ জুলাইয়ের সব বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।