পদ্মায় ব্যবসায়ীর স্পিডবোটকে লক্ষ্য করে গুলি, দেহরক্ষী গুলিবিদ্ধ

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে মনিরুল ইসলাম মনি নামে ব্যবসায়ীর স্পিডবোটকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। তাদের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন মনির দেহরক্ষী শরিফুল ইসলাম রবি (৪০)।

শুক্রবার (৩১ জুলাই) ভোরে উপজেলার গোলাপনগর বাগগাড়ি পাড়া সংলগ্ন পদ্মা নদীতে এই হামলার ঘটনা ঘটে।

আহত রবি বাহাদুরপুর ইউনিয়নের মুসলিমপুর ফকিরপাড়া গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে এবং কুষ্টিয়ার ‘মনি পার্কের’ স্বত্বাধিকারী মনিরুল ইসলাম মনির দেহরক্ষী।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনি পার্কের মালিক মনিরুল ইসলাম মনি বেশ কিছুদিন একটি নতুন স্পিডবোট কেনেন। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় স্পিডবোটটি বিকল হয়ে পড়েছিল। পরবর্তীতে ঢাকা থেকে বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার এনে সেটিতে নতুন ইঞ্জিন স্থাপন করা হয়। শুক্রবার ভোরে নতুন ইঞ্জিনের কার্যকারিতা পরীক্ষা (ট্রায়াল) করার জন্য স্পিডবোটটি নিয়ে তারা পদ্মা নদীতে নামেন। এসময় আরেকটি স্পিডবোটে এসে দুর্বৃত্তরা মনির স্পিডবোটটি লক্ষ্য করে কয়েক রাউন্ড এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এতে একটি গুলি রবির বাম হাতের পেশি ভেদ করে বুকের বাম পাশ দিয়ে বের হয়ে যায় এবং তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।

আহত রবিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে প্রথমে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার বিকেল ৩টার দিকে তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষীকুণ্ডা নৌ পুলিশের ওসি শরিফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনি নেওয়া হবে।