চাঁদাবাজিসহ ১৮ মামলার আসামি আকাশ ওরফে পিচ্চি আকাশকে (২৭) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে জামালপুর থেকে তাকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত পিচ্চি আকাশ সুনামগঞ্জের মধ্যনগর থানার জয়পুর এলাকার মজিবুর রহমানের ছেলে। তিনি কালিয়াকৈরে উপজেলার উলুসাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ জানায়, পিচ্চি আকাশ তার সহযোগীদের নিয়ে মোটরসাইকেলে কালিয়াকৈরের বিভিন্ন কারখানায় গিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা আদায় করতেন। ভয়ে অনেক ভুক্তভোগী তার বিরুদ্ধে মামলা করতে সাহস পেতেন না। মোটা অংকের চাঁদা না দিলে মারধর ও ভয় দেখাতেন। দীর্ঘদিন হলো পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালায়। পরবর্তীতে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সদরের তিতপল্লা এলাকায় অভিযান চালানো হয়। ওই এলাকার সালামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত পিচ্চি আকাশের নামে ১৮টি মামলা রয়েছে। তিনি কালিয়াকৈর উপজেলার বিভিন্ন কারখানায় চাঁদাবাজি করতেন। আমরা নজরদারিতে রেখে তাকে রাতে অস্ত্রসহ গ্রেপ্তার করেছি। পরে তার দেওয়া তথ্য নিয়ে উপজেলার হরতকীতলা জঙ্গল থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।