খুলনার দিঘলিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গাজীরহাট ইউনিয়নের ডোমরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোটরসাইকেলচালক শিহাব শেখের স্ত্রী ফারজানা (২২), শ্যালিকা রুবিয়া (১৬) এবং দুই বছরের মেয়ে মাইমুনা। তাদের বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শুভ্র প্রকাশ দাস জানান, খুলনা থেকে মোটরসাইকেলে স্ত্রী, শ্যালিকা ও মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি কালিয়া উপজেলার উথলী গ্রামে ফিরছিলেন শিহাব শেখ। একই সময়ে দিঘলিয়ার গাজীরহাট থেকে ধানবোঝাই একটি ট্রাক রূপসার দিকে যাচ্ছিল।
পথিমধ্যে রাত সাড়ে ১০টার দিকে গাজীরহাট ইউনিয়নের ডোমরা গ্রামের একটি মোড়ে ট্রাকটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফারজানা, রুবিয়া ও শিশু মাইমুনার মৃত্যু হয়। গুরুতর আহত হন শিহাব শেখ।
আহত শিহাবকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে।