বিশ্বকাপে চমক দেখানো কেপ ভার্দের তারকা গোলকিপার ভোজিনহা চিলির ফুটবলে যোগ দেওয়ার প্রক্রিয়ায় একটি বিশেষ অনুমতি পেয়েছেন। চিলির প্রিমেরা ডিভিশন ফুটবল লিগ কর্তৃপক্ষ সর্বসম্মতিক্রমে নিয়ম শিথিল করে তার জার্সিতে আসল নামের বদলে জনপ্রিয় ডাকনাম ভোজিনহা লেখার অনুমোদন দিয়েছে।
আগের নিয়ম অনুযায়ী, চিলির শীর্ষ লিগে খেলোয়াড়দের জার্সিতে কেবল পারিবারিক পদবি (সারনেম) ব্যবহার করা যেত। তবে ৪০ বছর বয়সী ভোজিনহার ক্ষেত্রে ব্যতিক্রম করেছে লিগ কর্তৃপক্ষ। ক্লাবগুলোর সর্বসম্মত সিদ্ধান্তে এখন থেকে তিনি নিজের জনপ্রিয় ডাকনাম ‘ভোজিনহা’ জার্সিতে ব্যবহার করতে পারবেন।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলোতে যোগ দেওয়ার ক্ষেত্রে জার্সিতে নিজের পরিচিত ডাকনাম ব্যবহারের সুযোগ নিশ্চিত করাই ছিল ভোজিনহার অন্যতম শর্ত।
কোলো-কোলোতে তার যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত হলেও এখনো চূড়ান্ত চুক্তিতে সই হয়নি। মঙ্গলবার সান্তিয়াগো পৌঁছানোর কথা থাকলেও প্রথমে ভিসা-সংক্রান্ত জটিলতা এবং পরে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি নির্ধারিত ফ্লাইটে ওঠেননি।
ক্লাবটির পরিচালক হেইমে পিজারো এবং প্রধান কোচ ফার্নান্দো ওরতিজ জানিয়েছেন, খেলোয়াড়ের এজেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তাদের আশা, ব্যক্তিগত সমস্যার সমাধান করে খুব শিগগিরই ভোজিনহা চিলিতে এসে দলের সঙ্গে যোগ দেবেন।
জার্সিতে ডাকনাম ব্যবহারের অনুমতি মিললেও ব্যক্তিগত কারণে তার চিলি যাত্রা বিলম্বিত হওয়ায় কোলো-কোলো সমর্থকদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। তবে ক্লাব কর্তৃপক্ষ আশাবাদী, আনুষ্ঠানিকতা শেষ হলেই বিশ্বকাপে আলোচিত এই গোলরক্ষক তাদের দলে যোগ দেবেন।