চট্টগ্রামের পটিয়ায় কলা চুরির সন্দেহকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে মোহাম্মদ তোহা ওরফে তোহা মুন্সি (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজীপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত তোহা মুন্সি পটিয়া মুন্সি সমিতির সাধারণ সম্পাদক এবং ওই এলাকার মৃত আবুল বশরের ছেলে।
ঘটনার পর খবর পেয়ে পটিয়া থানা-পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মো. আনোয়ার হোসেন (২৯)কে গ্রেপ্তার করে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নিজ বাড়ির সামনে আনোয়ার হোসেনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তোহা মুন্সি তার কাছে গাছের কলা চুরির বিষয়ে জানতে চান। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আনোয়ার ক্ষিপ্ত হয়ে পরিবারের সদস্য বাবুল, এহাজার মিয়া ও সাদ্দামসহ কয়েকজনকে নিয়ে লাঠিসোটা হাতে তোহা মুন্সির ওপর হামলা চালায়।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা তোহা মুন্সিকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মাহবুব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
তিনি আরও জানান, এ ঘটনায় পটিয়া থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।