কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী

দেশের বিশাল মানবসম্পদকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কারিগরি শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রচলিত শিক্ষাব্যবস্থার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষার কোনো বিকল্প নেই।

শনিবার (১ আগস্ট) সকালে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সরকার তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে কারিগরি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানও কারিগরি শিক্ষার সম্প্রসারণ ও আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করছেন।

তিনি বলেন, শুধু প্রচলিত শিক্ষাব্যবস্থার ওপর নির্ভর করে দেশের বিপুল জনশক্তিকে কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব নয়। তাই কারিগরি শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে হবে। এ উদ্যোগের অংশ হিসেবে দেশে নতুন করে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, দেশের কারিগরি শিক্ষার মান উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা হচ্ছে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের সময় বাংলাদেশের কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নে চীনের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে, যা এ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে জুলাইয়ের আন্দোলনের প্রসঙ্গ তুলে শিক্ষামন্ত্রী বলেন, দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন, তাদের অবদান কখনো বিস্মৃত হওয়ার নয়। ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই আত্মত্যাগ ও ইতিহাস তুলে ধরতে হবে।

তিনি বলেন, দক্ষ মানবসম্পদই বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের প্রধান শক্তি। সে কারণে শিক্ষাব্যবস্থাকে আরও কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর করে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে।