৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস

ইতালির দক্ষিণাঞ্চলের শহর নেপলসে ৪ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ও রেল যোগাযোগ ব্যাহত হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৩১ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর পর নেপলসের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ট্রেন ও মেট্রো চলাচলও ব্যাপকভাবে বিঘ্নিত হয়।

ইতালির ভূমিকম্প ও আগ্নেয়গিরি পর্যবেক্ষণকারী সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপলসের পশ্চিমে ক্যাম্পি ফ্লেগ্রি এলাকায়, ভূপৃষ্ঠের মাত্র ৩ কিলোমিটার গভীরে। অগভীর গভীরতায় উৎপত্তি হওয়ায় কম্পনের তীব্রতা বেশি অনুভূত হয় এবং ক্ষয়ক্ষতিও তুলনামূলক বেশি হয়েছে।

নেপলস ফায়ার সার্ভিস জানিয়েছে, বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য মেলেনি। ইতালীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, সাম্প্রতিক সময়ে নেপলসে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে এটি একটি।

যদিও ইতালি নিয়মিত ভূমিকম্পপ্রবণ দেশ নয়, তবুও দেশটিতে মাঝেমধ্যে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ১৯৮০ সালে দেশটিতে ভয়াবহ এক ভূমিকম্পে প্রায় ২ হাজার ৭০০ জন নিহত হন, যা ইতালির সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী ভূমিকম্প হিসেবে বিবেচিত। এছাড়া ২০১৬ সালে ৫ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্পে প্রায় ৩০০ জনের প্রাণহানি হয়েছিল।

সূত্র: রয়টার্স