ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কার মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের প্রয়োজন হলে অঞ্চল ছাড়ার প্রস্তুতি নিতে বা সেখান থেকে চলে যাওয়ার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে।
ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, জেরুজালেমসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাজধানীতে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো নিজ নিজ ওয়েবসাইটে একই ধরনের নিরাপত্তা বার্তা প্রকাশ করেছে।
দূতাবাসগুলোর বার্তায় বলা হয়েছে, চলমান উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এখনও অনিশ্চিত এবং যে কোনো সময় সংঘাত আরও বিস্তৃত হতে পারে। সাম্প্রতিক সময়ে পূর্ব সতর্কতা ছাড়াই বিভিন্ন স্থানে হামলা এবং আগে লক্ষ্যবস্তু না হওয়া এলাকা—যেমন মিসরেও হামলা সম্প্রসারণের ঘটনা পরিস্থিতির অনিশ্চয়তার ইঙ্গিত দেয় বলে এতে উল্লেখ করা হয়েছে।
বার্তায় আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং প্রয়োজনে দ্রুত এলাকা ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে চলমান উত্তেজনার কারণে বিমান চলাচল ও ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন নাগরিকদেরও এ অঞ্চলে বা এ অঞ্চলের মধ্য দিয়ে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। যারা ভ্রমণ করবেন, তাদের বিমানবন্দর ও সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সর্বশেষ তথ্য নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে মার্কিন দূতাবাসগুলো জানিয়েছে, তাদের নিয়মিত কনস্যুলার ও ভিসা-সংক্রান্ত সেবা স্বাভাবিকভাবেই চালু রয়েছে।