পারিবারিক কলহে জেরে নোড়ার আঘাতে মায়ের মৃত্যু, আটক মেয়ে

যশোরের অভয়নগরে পারিবারিক কলহের জেরে সাহানা বেগম (৬২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মেয়ে শিরিনা খাতুনকে (২০) থানা হেফাজতে নিয়েছে পুলিশ। শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার ভাঙ্গাগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাহানা বেগম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা গ্রামের ছাত্তার মণ্ডলের মেয়ে। তিনি স্বামী জহুরুল ইসলাম ও মেয়ে শিরিনাকে নিয়ে অভয়নগরের মশরহাটি গ্রামের ভাঙ্গাগেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার দুপুর আনুমানিক ২টার দিকে পারিবারিক কলহের একপর্যায়ে মেয়ে শিরিনা খাতুন ঘরে থাকা শিলের নোড়া দিয়ে মা সাহানা বেগমের মাথা ও মুখে সজোরে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত ও রক্তাক্ত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে অ্যাম্বুলেন্সে তোলার আগেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

এ বিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মরিয়ম মুনমুন বলেন, গুরুতর আহত অবস্থায় এক নারীকে হাসপাতালে আনা হয়েছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনায় প্রেরণ করা হয়। তবে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।

অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত মেয়ে শিরিনা খাতুনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্ত ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।