অতীতমুখী রাজনীতি থেকে সরে না এলে নতুন বাংলাদেশের স্বপ্ন ব্যর্থ হবে: মজিবুর রহমান

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মোহাম্মদ মজিবুর রহমান ভূঞা ওরফে মঞ্জু বলেছেন, ‘সমালোচনা করতে গিয়ে অরাজনৈতিক অশোভন ও কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার যেমনি কাঙ্ক্ষিত নয় তেমনি প্রতিশোধ হিসেবে হামলা এবং ভাঙচুর মোটেও কাম্য নয়। এগুলো ফ‍্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ। গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি; এ রাজনীতি থেকে সবাই মিলে সরে না এলে নতুন বাংলাদেশের স্বপ্ন ব্যর্থ হয়ে যাবে।’

শনিবার (১ জুলাই) বিকেলে ফেনী জেলা এবি পার্টি আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের জেলা আহ্বায়ক আহসান উল্লাহর সভাপতিত্বে ও জেলা সদস্যসচিব ফজলুল হকের সঞ্চালনায় মিজান রোডের দলের জেলা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

মজিবুর রহমান বলেন, প্রতিটি সংগ্রামেরই সাফল্য ও ব্যর্থতার দিক থাকে, জুলাইয়েরও আছে। সফল্যের ভাগ যারা দাবি করবেন, ব‍্যর্থতার দায়ও তাদের নিতে হবে। জুলাই যাদের ক্ষমতা দিয়েছে, আকাঙ্ক্ষা পূরণের দায়ভার তাদের বেশি। এবি পার্টির চেয়ারম্যান পতিত ফ‍্যাসিবাদের আস্ফালন মোকাবিলায় জুলাইয়ের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

জাতীয় নাগরিক পার্টির ফেনী জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব মোহাইমিন তাজিম বলেন, ‘এ দেশে আমরা আর প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

সভায় আরও বক্তব্য দেন জুলাই অভ্যুত্থানে ফেনীতে শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের বাবা নেছার আহমদ, ঢাকায় শহীদ মো. ইকরাম হোসেন কাউসারের বাবা মাওলানা আনোয়ার হোসেন, জেলা জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমির মুফতি আব্দুল হান্নান, ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন মামুন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)  সদস্যসচিব শাহ ওয়ালী উল্যাহ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রশিদ মজুমদার, জাগপা ফেনী জেলা সভাপতি মো. সাইফ উদ্দিন প্রমুখ।