সরকার বলছে অক্টোবরে, আগস্টেই যোগদানের দাবিতে অনড় প্রাথমিকের নতুন শিক্ষকেরা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী আগস্টের মধ্যেই যোগদান ও পদায়নের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন। সরকারের পক্ষ থেকে অক্টোবরে যোগদান প্রক্রিয়া শুরুর আশ্বাস দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করে আজ রোববার (২ আগস্ট) থেকে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন তারা।

রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে পূর্বঘোষিত এই কর্মসূচি পালিত হচ্ছে। এর আগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা ২৯ জুলাইয়ের মধ্যে যোগদান ও পদায়নের বিষয়ে সুনির্দিষ্ট রূপরেখা প্রকাশের দাবি জানিয়েছিলেন। দাবি পূরণ না হওয়ায় তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের দাবি, নিয়োগ বিধিমালা অনুযায়ী চলতি আগস্টের মধ্যেই তাদের যোগদান ও পদায়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করে লিখিত প্রজ্ঞাপন বা অফিস আদেশ সরকারি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। তাদের ভাষ্য, মৌখিক আশ্বাস বা সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্যের ওপর তারা আস্থা রাখতে পারছেন না।

এর আগে শনিবার (১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক নিয়োগসংক্রান্ত এক জরুরি ভার্চ্যুয়াল সভায় সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদান নিয়ে আলোচনা হয়।

সভা শেষে মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেন জানান, প্রাথমিকের জন্য সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষকের যোগদানের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। তদন্ত ও বিভিন্ন প্রক্রিয়াগত কারণে নিয়োগে বিলম্ব হয়েছে। তবে আগামী ৩০ অক্টোবরের মধ্যে তাদের যোগদানের প্রক্রিয়া শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তবে সরকারের এই ঘোষণায় সন্তুষ্ট নন সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা। তারা বলছেন, লিখিত আদেশ জারি না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।