খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে টিকটিকি পাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার (১ আগস্ট) দুপুরে ক্যাফেটেরিয়া থেকে কেনা সবজির মধ্যে টিকটিকি পাওয়া গেছে দাবি করেন এক শিক্ষার্থী।
অভিযোগকারী শিক্ষা ডিসিপ্লিনের ২৬ ব্যাচের শিক্ষার্থী আসমাউল হুসনা বলেন, ‘শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাফেটেরিয়া থেকে খাবার নিয়ে রুমে এসে খেতে গিয়ে দেখি পটল, আলু ও ডিমের সবজির মধ্যে একটি টিকটিকি। ক্যাফেটেরিয়ায় শুধু শিক্ষার্থীরাই নন, শিক্ষক ও বহিরাগতরাও খাবার খান। এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এতে ফুড পয়জনিংয়ের মতো ঝুঁকি তৈরি হতে পারে। সবার স্বাস্থ্যের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট স্টাফদের আরও সতর্ক হওয়া উচিত।’
এদিকে ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীরা ক্যাফেটেরিয়ার খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
এদিকে খাবার প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে আরও কঠোর স্বাস্থ্যবিধি নিশ্চিত করা প্রয়োজন বলে দাবি করে তারা।
ক্যাফেটেরিয়ার ম্যানেজার বলেন, ‘আমরা সবসময় সর্বোচ্চ পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করি। রান্নার সময় যদি পড়ে থাকত, তবে তা গলে যাওয়ার কথা ছিল, কারণ টিকটিকির শরীর নরম থাকে।’
এটি কীভাবে ঘটেছে, তা বুঝতে পারছি না বলে জানান ম্যানেজার
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. সালাউদ্দীন জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবহিত হয়েছেন এবং তার দপ্তরকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।
ক্যাফেটেরিয়া তদারকি কমিটি ও ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে এ বিষয়ে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন প্রফেসর।