টুঙ্গিপাড়ায় দুপুরে জুলাই গণঅভ্যুত্থান তোরণ নির্মাণ, রাতে আগুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্মিত ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক একটি তোরণে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শিশু পার্কের সামনে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল তোরণটি নির্মাণ করে। শনিবার (১ আগস্ট) দুপুরে নির্মাণকাজ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রাত আনুমানিক ১২টার দিকে দুর্বৃত্তরা তোরণটিতে আগুন দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

আগুনে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক গোলাম সাগর এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সীর ছবি, নাম ও পদবি সংবলিত অংশ পুড়ে যায়।

পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সী বলেন, তোরণ নির্মাণের পর তারা গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর সঙ্গে কোটালীপাড়ার একটি অনুষ্ঠানে ছিলেন। রাত ১২টার দিকে তোরণে আগুন দেওয়ার খবর পান। তিনি দাবি করেন, এ ঘটনার মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মৃতিকে অবমাননা করা হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। রোববার দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।