উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষ

রাজধানীর উত্তরখান এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (২ আগস্ট) উত্তরখানের রাজাবাড়ী এসটিএস এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, এলাকায় বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য ডিএনসিসির একটি দল কাজ করছিল। এ সময় একদল স্থানীয় ব্যক্তি ওই কার্যক্রমে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়।একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়। পরিচ্ছন্ন কর্মীদের উপর হামলার ঘটনায় দুপুরে ডিএনসিসি প্রশাসক এবং সংসদ সদস্যসহ  থানার ওসি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শন করতে গেলে পরিচ্ছন্ন কর্মীদের সাথে নেপচুন এক্সেসরিজ গার্মেন্টস মালিকপক্ষ পুনরায় দুর্ব্যবহার করেন।এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও ধাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের সামনে গার্মেন্টস মালিকপক্ষের লোকজন অতর্কিত হামলা চালিয়েছে এমনটা সূত্র দাবি করেছে।

এদিকে, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় চারজন গুরুতরসহ ১৫/২০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের উত্তরা কুয়েত বাংলাদেশ মৈত্রি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে| 

সংশ্লিষ্ট প্রশাসনিক সূত্র জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হামলার অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, স্থানীয়দের একটি অংশের দাবি, পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা নিয়ে আগে থেকেই কিছু বিরোধ ও অসন্তোষ ছিল। সেই বিরোধের জের ধরেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে।

এ বিষয়ে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।