কক্সবাজারের টেকনাফে দিনদুপুরে হাইওয়ে সড়কে ‘ব্যারিকেড’ (পেরেকযুক্ত কাঠ) ফেলে একটি যাত্রীবাহী থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় সশস্ত্র ডাকাতরা যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি আতঙ্ক সৃষ্টি করতে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে বলে জানিয়েছেন স্থানীয়রা। এসময় ওই বাসের এক যাত্রীকে ছুরিকাঘাতের করা হয়।
রোববার (২ আগস্ট) দুপুরে টেকনাফের দমদমিয়া সংলগ্ন ১৪ নম্বর ব্রিজ এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত হন টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার বাসিন্দা মো. আল আরমান (২৫)।
তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, দমদমিয়া সংলগ্ন ১৪ নম্বর ব্রিজ এলাকায় হাইওয়ে সড়কে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি পালকি পরিবহনের যাত্রীবাহী বাস ব্যারিকেড দিয়ে থামিয়ে সশস্ত্র ডাকাতরা ডাকাতি করে। এ সময় কয়েক রাউন্ড গুলির বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, এক যুবক ছুরিকাঘাতে আহত অবস্থায় পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ডাকাতরা বাসের যাত্রীদের পাশাপাশি বিকাশের এজেন্ট বা কর্মীদের কাছ থেকেও মোটা অঙ্কের টাকা লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
রফিকুল ইসলাম আরও জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ, বিজিবি ও কোস্ট গার্ডের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়কে ফেলে রাখা ব্যারিকেড সরিয়ে নিজেদের হেফাজতে নেন।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুরাইয়া বলেন, ছুরিকাঘাতে আহত মো. আল আরমান চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তার শারীরিক অবস্থার বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, দমদমিয়া সংলগ্ন হাইওয়ে সড়কে ডাকাতির খবর পেয়ে পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এ ঘটনায় ডাকাতদের ছুরিকাঘাতে মো. আল আরমান নামে এক যুবক আহত হয়েছেন। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।