৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে ৫ শতাংশ পর্যন্ত করছাড়, জানালো এনবিআর

চলতি করবর্ষে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে ব্যক্তি শ্রেণির করদাতারা পরিশোধযোগ্য করের ওপর সর্বোচ্চ ৫ শতাংশ বা ২৫ হাজার টাকা পর্যন্ত কর প্রণোদনা পাবেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে ১ অক্টোবরের পর রিটার্ন জমা দিলে এ সুবিধা আর পাওয়া যাবে না।

রোববার (২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করদাতাদের নির্ধারিত সময়ের শুরুতেই আয়কর রিটার্ন দাখিলে উৎসাহিত করতে আয়কর আইন, ২০২৩-এর বিধান অনুযায়ী নতুন কর প্রণোদনা কার্যকর করা হয়েছে। এ সুবিধা ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলকারী স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার (এইচইউএফ) শ্রেণির করদাতাদের জন্য প্রযোজ্য।

আয়কর আইন, ২০২৩-এর ১৭৩ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ পর্যন্ত করছাড় পাওয়া যাবে। তবে এ করছাড়ের সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা।

এনবিআর আরও জানায়, ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো কর প্রণোদনা মিলবে না। আর ১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের ২ শতাংশ অথবা ৩ হাজার টাকা—যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর দিতে হবে।

এ ছাড়া ১ এপ্রিল থেকে ৩০ জুনের মধ্যে রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকা—যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর প্রযোজ্য হবে।

এনবিআরের মতে, নতুন এ কর প্রণোদনা করদাতাদের সময়মতো রিটার্ন দাখিলে উৎসাহিত করবে। পাশাপাশি স্বেচ্ছায় কর পরিপালনের সংস্কৃতি আরও শক্তিশালী হবে এবং কর প্রশাসনের কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকর হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২২ জুলাই থেকে ২০২৬-২৭ করবর্ষের জন্য ব্যক্তি শ্রেণির করদাতাদের ই-রিটার্ন সেবা চালু হয়েছে। এনবিআরের ই-ট্যাক্স প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে বসেই রিটার্ন দাখিলের পাশাপাশি ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ এবং রকেটসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে কর পরিশোধ করা যাচ্ছে।

এনবিআর জানায়, সঠিক তথ্য দিয়ে অনলাইনে রিটার্ন জমা দিলে তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ পাওয়া যায়। ই-রিটার্ন দাখিলে কোনো জটিলতা হলে সরকারি ছুটির দিন ছাড়া অফিস চলাকালীন এনবিআরের কল সেন্টার ও অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সহায়তা পাওয়া যাবে।

করদাতাদের ৩০ সেপ্টেম্বরের মধ্যেই রিটার্ন দাখিল করে কর প্রণোদনার সুবিধা নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।