হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় ১১ আাসামিকে জামিন দিয়েছেন আদালত।
রোববার (২ আগস্ট) হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নানের আদালতে জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জন আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করলে শুনানি শেষে প্রত্যেককে ১০ হাজার টাকা বন্ডে মেডিকেল রিপোর্ট আসা পর্যন্ত অস্থায়ী জামিন মঞ্জুর করেন।
শুনানিতে অংশ নিয়ে আসামি পক্ষের আইনজীবীরা বলেন, এজাহারে আসামিদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। মামলায় কোনো ঘটনার তারিখ ও স্থান নেই।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের পি পি মো. আব্দুল হাই ও কোর্ট ইন্সপেক্টর আবু তালেব বলেন, আসামিপক্ষের আইনজীবীদের বক্তব্য খণ্ডন করা মত কোনো উপাদান মামলার এজাহারে নেই। উভয়পক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আসামিদের জামিন মঞ্জুর করেন।
আসামি পক্ষে অ্যাডভোকেট কুতুবউদ্দিন জুয়েলসহ বিপুল সংখ্যক আইনজীবী শুনানিতে অংশ নেন।
মামলার তথ্যসূত্রে জানা যায়, গত ৩০ জুলাই হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। ওই হামলার অভিযোগে জেলা ছাত্রদল সভাপতি রাজীব আহমেদ রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে আসামি করে একটি মামলা করা হয়। হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল বাদী হয়ে মামলাটি করেছিলেন।
মামলাটি দায়ের করেছেন জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের।