সংরক্ষিত মহিলা আসন ঢাকা-১৬-এর সংসদ সদস্য ও ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে কোনো স্বৈরাচারের স্থান হবে না এবং প্রতিটি গুম-হত্যার বিচার নিশ্চিত করা হবে।
শনিবার (২ আগস্ট) ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিগত ফ্যাসিস্ট সরকারের নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ইতিহাস দেশের মানুষ ভুলবে না উল্লেখ করে তিনি বলেন, হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে পাওয়া এই নতুন বাংলাদেশকে একটি শক্তিশালী অবস্থানে দাঁড় করাতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সানজিদা ইসলাম তুলি বলেন, বিগত ২৪-এর জুলাই থেকে আজ পর্যন্ত আমরা একদিনের জন্যও জুলাইকে ভুলিনি। এই আন্দোলনই আমাদের মুক্ত মঞ্চে দাঁড়িয়ে কথা বলার এবং ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছে।
তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবার স্বৈরাচারের সময় অকথ্য নির্যাতনের শিকার হয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে রেখে চরম কষ্ট দেওয়া হয়েছে। সব হারিয়েও প্রধানমন্ত্রী আজ দেশবাসীকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ রেখেছে উল্লেখ করে তুলি বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে প্রসারিত করার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ প্রকৌশলী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার, যাতে তারা অন্যের চাকরির সুযোগ সৃষ্টির পাশাপাশি দেশকে সমৃদ্ধ করতে পারে।