খুলনায় বিদেশি অস্ত্রসহ ‘বি কোম্পানির’ ৩ সদস্য আটক

খুলনায় র‌্যাবের অভিযানে দুটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি, ম্যাগাজিন ও নগদ ১ লাখ ৫৩ হাজার টাকাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব।

রোববার (২ আগস্ট) দুপুরে নগরীর লবণচরা থানার রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন, পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার বালিয়াপাড়া গ্রামের ইলিয়াস সরদার (৪২), গোপালগঞ্জ সদর উপজেলার বকুলতলা গ্রামের সুজন (৩৮) ও বরগুনা জেলার বেতাগী উপজেলার আমুয়া গামের নান্না বেপারী (৫৭)।

তারা সবাই খুলনার শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী গ্রুপ ‘বি কোম্পানির’ সদস্য বলে ভাষ্য র‌্যাবের। তাদের বিরুদ্ধে খুলনা, পিরোজপুর বরগুনা জেলায় হত্যাচেষ্টা, মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।

র‌্যাব-৬ সিপিসি স্পেশাল কোম্পানির কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর লবণচরার রায়পাড়ায় অভিযান চালিয়ে নগরীর শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী বি কোম্পানির তিন সদস্য ইলিয়াস, সুজন ও নান্না বেপারীকে আটক করা হয়। এ সময় নান্না বেপারীর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ইলিয়াস ও সুজনের হেফাজত থেকে দুটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি, ম্যাগাজিন ও নগদ ১ লাখ ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাসহ লবণচরা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।