বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে প্রয়োজনীয় মেরামত শেষে রাতের মধ্যেই ইউনিটটি পুনরায় চালুর আশা করছে কর্তৃপক্ষ।

শনিবার (২ আগস্ট) ভোর ৫টা ৫০ মিনিটে ইউনিটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ করা হয়। রোববার (২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক।

তিনি জানান, ত্রুটি শনাক্তের পর প্রয়োজনীয় মেরামতের কাজ সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে রাতের মধ্যেই ১ নম্বর ইউনিট থেকে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হবে এবং তা জাতীয় গ্রিডে যুক্ত হবে।

বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, ইউনিটটি বন্ধ হওয়ার আগে সেখান থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল।

বর্তমানে কেন্দ্রের ৩ নম্বর ইউনিট সচল রয়েছে। ২৭৫ মেগাওয়াটের মধ্যে এই ইউনিট থেকে ১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে, কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে।