গত ৩০ ও ৩১ জুলাই ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সঙ্গে ছিলেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। যেসব স্থানে কোনো ত্রুটি কিংবা সমস্যা দেখেছেন, তা দ্রুত সংস্কার ও সমাধানের জন্য ডিএনসিসি সংশ্লিষ্ট বিভাগগুলোকে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন ডিএনসিসির প্রশাসক।
রোববার (২ আগস্ট) ডিএনসিসি নগরভবনে প্রশাসকের সভা কক্ষে আয়োজিত বিভাগীয় প্রধান ও আঞ্চলিক নির্বাহীদের এক সভায় এ নির্দেশনা প্রদান করেন।
সভায় প্রশাসক জানান, প্রধানমন্ত্রী ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকার ময়লা ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং নগর ব্যবস্থাপনার সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শনে করেছেন। এ সময় তিনি নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শনের রুট ছিল– রাজধানীর ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরা সেক্টর ৩, ৪, ৫ ও ৬, এয়ারপোর্ট রোড হয়ে কাকলী মোড়, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট, মোহাম্মদপুর, সলিমুল্লাহ রোড, ইকবাল রোড, তাজমহল রোড, জাপান গার্ডেন সিটি, শ্যামলী মোড়, গণভবন মোড়, জিয়া উদ্যান, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, কচুক্ষেত, ক্যান্টনমেন্ট, সৈনিক ক্লাব, কাকলী ও বনানী।
প্রশাসক বলেন, পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শহরের পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ, ড্রেনেজ ব্যবস্থা ও নগর ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা সচক্ষে দেখে অসন্তোষ প্রকাশ করে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সভায় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী চিহ্নিত সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়।