লক্ষ্মীপুরে গ্যাসের সংকটে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। এতে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় সাধারণ যাত্রীরা দূর্ভোগে পড়েন।
রোববার (২ আগস্ট) রাত ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত জেলা শহরের ইসলাম মার্কেট এলাকায় গ্রীন লাইফ ফিলিং স্টেশনের সামনে এ অবরোধ চলে। পরে পুলিশ এসে চালকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে গ্যাস না থাকায় ফিলিং স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা পাম্প বন্ধ করে চলে যান।
বিক্ষোভকারী সিএনজি চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্যাস সংকটের কারণে জেলার একমাত্র সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। তাদের দূরবর্তী এলাকা থেকে গ্যাস সংগ্রহ করতে হচ্ছে। এতে সময় ও অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে, দৈনিক আয় কমে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাতে হচ্ছে। তারা দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা এবং ফিলিং স্টেশন চালুর দাবি জানান।
অবরোধের কারণে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। এ সময় তাদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
লক্ষ্মীপুরের ট্রাফিক পুলিশ পরিদর্শক কামরুল হাসান বলেন, সিএনজি চালকরা গ্যাস পাচ্ছেন না, তাই তারা হট্টগোল করেন। পরে আমরা গিয়ে তাদের শান্ত করি। একইসঙ্গে বুঝিয়ে বলা হয়, এটা স্থানীয় সমস্যা নয়, জাতীয় ভাবেই গ্যাসের সমস্যা চলছে। পরে তারা রাস্তা ছেড়ে দেয়। এখন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।