কিনবে বলেও এমিলিয়ানো মার্টিনেজকে দলে ভেড়ালো না জুভেন্টাস

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের জুভেন্টাসে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে সেই সম্ভাবনা এখন কার্যত শেষ হয়ে গেছে। আর্থিক বিষয়ে অ্যাস্টন ভিলার সঙ্গে সমঝোতায় পৌঁছাতে না পারায় আর্জেন্টাইন এই গোলরক্ষককে দলে নেওয়ার পরিকল্পনা থেকে সরে এসেছে ইতালিয়ান ক্লাবটি।

খ্যাতনামা ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, দুই ক্লাবের মধ্যে আলোচনা হলেও অ্যাস্টন ভিলার চাওয়া ট্রান্সফার ফি মেনে নিতে রাজি হয়নি জুভেন্টাস। ফলে কাতার ২০২২ বিশ্বকাপজয়ী গোলরক্ষক আপাতত অ্যাস্টন ভিলাতেই থাকছেন।

এটি অবশ্য প্রথমবার নয় যে মার্টিনেজের ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। ২০২৫ সালের মে মাসে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন তিনি। সেই দৃশ্যের পর থেকেই ক্লাব ছাড়ার গুঞ্জন জোরালো হয়। তবে সময় গড়ালেও এমন কোনো প্রস্তাব আসেনি, যা অ্যাস্টন ভিলা ও খেলোয়াড়; উভয় পক্ষের জন্য গ্রহণযোগ্য ছিল। ফলে বার্মিংহামেই থেকে যান তিনি।

২০২০ সালে আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় যোগ দেয়ার পর থেকেই দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিণত হন মার্টিনেজ। আর্সেনালে থাকাকালে একাধিকবার ধারে খেললেও স্থায়ীভাবে তাকে দলে ভেড়াতে প্রায় ১৭ মিলিয়ন ইউরো খরচ করেছিল অ্যাস্টন ভিলা। সেই বিনিয়োগ যে সফল হয়েছে, তা তিনি ধারাবাহিক পারফরম্যান্সে প্রমাণ করেছেন।

এদিকে ট্রান্সফার নিয়ে অনিশ্চয়তা থাকলেও বর্তমানে ছুটি কাটাচ্ছেন মার্টিনেজে। কয়েক সপ্তাহ আগেই স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে খেলেছেন তিনি। ছুটি শেষ হলে আবারও অ্যাস্টন ভিলার অনুশীলনে যোগ দেবেন, যেখানে তিনি এখনও দলের প্রথম পছন্দের গোলরক্ষক।