মাছ ধরার জালে উঠে এলো লুট হওয়া পুলিশের শর্টগান

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাছ ধরার সময় জেলের জালে একটি শর্টগান উঠে এসেছে। সোমবার (৩ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর এলাকায় রেজাউল নামে এক ব্যক্তির পুকুরে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করে। পরে থানার অস্ত্র রেজিস্টারের সঙ্গে মিলিয়ে নিশ্চিত হওয়া যায়, এটি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের একটি শর্টগান।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলেরা পুকুরে জাল ফেলে মাছ ধরার সময় হঠাৎ একটি শর্টগান জালে আটকা পড়ে। বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি জব্দ করে থানায় নিয়ে যায়।

আড়াইহাজার থানার অস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম অস্ত্র রেজিস্টারের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করেন, উদ্ধার হওয়া শর্টগানটি আড়াইহাজার থানা-পুলিশের। অস্ত্রটির বাট নম্বর ৬৫১।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, শর্টগানটি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর একটি। কীভাবে অস্ত্রটি পুকুরে গেল এবং এতদিন সেখানে পড়ে ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।