স্পেনে গিয়ে নতুন জীবন শুরু করত চেয়েছিলেন মরক্কোর নারী ফুটবলার ফাতেন বেন আমার এল আজিজি। তবে তা আর হলো না। স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতায় পৌঁছানোর জন্য সাগরপথে সীমান্ত অতিক্রমের চেষ্টা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ২০ বছর বয়সী এই ফুটবলার।
মরক্কোর ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট আল বতোলা জানিয়েছে, শনিবার (১ আগস্ট) সেউতায় প্রবেশের চেষ্টা করার সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান ফাতেন। পরে জানা যায়, সাগর পাড়ি দেওয়ার সময় প্রবল স্রোতে ভেসে গিয়ে তিনি ডুবে মারা যান।
এই মর্মান্তিক ঘটনা ঘটেছে মরক্কো ও স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতার সীমান্তে চলমান অভিবাসন সংকটের মধ্যে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, উন্নত জীবনের আশায় সাম্প্রতিক সময়ে হাজারো মানুষ সাগরপথে বা সীমান্ত অতিক্রম করে সেউতায় প্রবেশের চেষ্টা করছেন। এসব ঝুঁকিপূর্ণ যাত্রায় ইতিমধ্যে বহু মানুষের মৃত্যু হয়েছে।
ক্লাব মাগরেব অ্যাথলেটিক তেতোয়ান এক বিবৃতিতে জানিয়েছে, ফাতেন খ্যাতি বা রোমাঞ্চের খোঁজে এই ঝুঁকিপূর্ণ যাত্রায় নামেননি। তাঁর একমাত্র লক্ষ্য ছিল সীমান্তের ওপারে গিয়ে একটি ভালো ভবিষ্যৎ গড়ে তোলা এবং নতুন জীবন শুরু করা।
ফাতেনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মরক্কোর ক্রীড়াঙ্গনে। মরক্কোর পেশাদার ফুটবলার ইউনিয়ন এক শোকবার্তায় ফাতেনের পরিবার, স্বজন, সতীর্থ এবং মাগরেব অ্যাথলেটিক তেতোয়ান ক্লাবের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
বিবৃতিতে সংগঠনটি বলেছে, এই কঠিন সময়ে তারা ফাতেনের পরিবারের পাশে রয়েছে। একই সঙ্গে তার আত্মার শান্তি কামনা এবং পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি দেওয়ার জন্য প্রার্থনা করেছে।