রিয়াল মাদ্রিদে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বেড়েছে। নতুন চুক্তির বিষয়ে সমঝোতা না হলে ভিনিকে ছেড়ে দেওয়ার সম্ভাবনাও বিবেচনায় রেখেছে স্প্যানিশ ক্লাবটি। এ দিকে গুঞ্জন রয়েছে ভিনিকে দলে ভেড়াতে মরিয়া ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল।
এরই মধ্যে বিবৃতি দিয়ে অবস্থান স্পষ্ট করেছে ভিনিসিয়ুসের এজেন্ট প্রতিষ্ঠান রক নেশন স্পোর্টস ইন্টারন্যাশনাল। ব্রাজিল তারকার ভবিষ্যৎ ও দলবদল নিয়ে সম্প্রতি তৈরি হওয়া গুঞ্জনকে 'ভুয়া ও ক্ষতিকারক' বলে অভিহিত করেছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি বেশ কিছু প্রভাবশালী সংবাদমাধ্যমে দাবি করা হয়, আগামী মৌসুমে আর্সেনালে পাড়ি জমাতে পারেন ২৬ বছর বয়সী ভিনিসিয়ুস। কিন্তু এই ধরনের সংবাদকে ‘উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন’ বলে আখ্যা দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজেদের অসন্তোষ প্রকাশ করে রক নেশন স্পোর্টস ইন্টারন্যাশনালের সভাপতি মাইকেল ইয়োরমার্ক লিখেছেন, ‘মনোযোগ আকর্ষণের উদ্দেশ্যে যখন অপেশাদার ও অপতথ্যভিত্তিক সংবাদমাধ্যম আমাদের ক্লায়েন্টদের নিয়ে ভুয়া তথ্য পরিবেশন করে, তখন আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না। কোনো তথ্যপ্রমাণ ছাড়া ব্যক্তিগতভাবে খেলোয়াড়দের টার্গেট করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
তিনি আরও লিখেছেন, ‘এসব সংবাদ ভ্রান্ত ধারণার সৃষ্টি করে এবং মানহানিকর। সংবাদমাধ্যম ও সাংবাদিকদের আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত।’
ভিনিসিয়ুসের সঙ্গে রিয়ালের চুক্তি আছে ২০২৭ সালের জুন পর্যন্ত। স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে ক্লাবের সঙ্গে তার দর-কষাকষি চলছে।
এমন পরিস্থিতিতে ভিনিসিয়ুসের ওপর কড়া নজর রাখছে আর্সেনাল। এমনকি এই ফুটবলারকে ভেড়াতে নিজেদের বেতন কাঠামো ও ইমেজ রাইটসের নিয়মেও ছাড় দিতে প্রস্তুত লন্ডনের দলটি। তবে এখন পর্যন্ত দুই ক্লাবের মধ্যে আনুষ্ঠানিক কোনো আলোচনা শুরু হয়নি বলে জানা গেছে।