খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম) বিভাগের ২০২০ ব্যাচের শিক্ষার্থী মো. তাসরীব আহমেদ মাহিন নিখোঁজ হয়েছেন।
রোববার (২ আগস্ট) সন্ধ্যায় ফজলুল হক হল থেকে বের হওয়ার পর তিনি ফিরে আসেননি।
এ ঘটনায় নগরীর খানজাহান আলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ মাহিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্রাহ্মণচিনর এলাকার উত্তর মানিকনগরের মো. মোখলেছুর রহমানের ছেলে।
মাহিনের স্বজন ও সহপাঠীরা জানান, রোববার সন্ধ্যায় তাসরীব আহমেদ মাহিন হল থেকে বেরিয়ে আর ফেরেননি। দীর্ঘ সময় তার কোনো সন্ধান না পেয়ে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান। এরপর থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সহপাঠী ও স্বজনরা তাকে খুঁজে বের করার জন্য চেষ্টা করলেও গতকাল সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তার সন্ধান মেলেনি।
মাহিনের বাবা মো. মোখলেছুর রহমান সন্তানের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক পরিচালক প্রফেসর ড. মো. হাসান আলী তার সন্ধান বা অবস্থান জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন। তিনি দ্রুত সুস্থভাবে শিক্ষার্থী মাহিনের সন্ধান মিলবে বলে আশা প্রকাশ করেন। তার কোনো সন্ধান পেলে ০১৬৪৩-৭৬৩৩২৫ বা ০১৭১২-২৭৬৬৯৮ মোবাইল নম্বরে যোগাযোগের অনুরোধ করেছেন তিনি।
এ ব্যাপারে নগরীর খানজাহান আলী থানার ওসি মো. আবুল বাশার বলেন, কুয়েটের শিক্ষার্থী মো. তাসরীব আহমেদ মাহিন নিখোঁজের ঘটনায় থানায় জিডি হয়েছে। তাকে উদ্ধারে কয়েকটি জায়গা শনাক্ত করে আমাদের পুলিশ মাঠে কাজ করছে।