ছেলেদের জন্য বাধ্যতামূলক হলেও মেয়েদের ঐচ্ছিক

প্রায় ৫০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

দেশের প্রায় ৫০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতা। ছেলেদের জন্য এই প্রতিযোগিতায় অংশ নেওয়া বাধ্যতামূলক করা হলেও মেয়েদের জন্য এটি ঐচ্ছিক রাখা হয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে টুর্নামেন্টটি শুরু এবং ৩০ অক্টোবরের মধ্যে তা সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে এক স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ও প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন।

সভা শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রতিযোগিতার বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। এ সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম।

সংবাদ ব্রিফিংয়ে উপদেষ্টা মাহদী আমিন জানান, দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই টুর্নামেন্টে অংশ নেবে। দেশজুড়ে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করা এবং শিক্ষার্থীদের মেধা, মননশীলতা ও সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটানোই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

তিনি আরও জানান, শিক্ষাব্যবস্থায় ন্যায্যতা ও সমতা প্রতিষ্ঠা এবং শহর-গ্রামের মধ্যকার শিক্ষার বৈষম্য কমাতে ক্রীড়া, সংস্কৃতি ও শিক্ষা মন্ত্রণালয় একযোগে বছরজুড়ে নানা প্রতিযোগিতার আয়োজন করবে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল খেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি প্রত্যাশা করছেন আয়োজকরা।