চট্টগ্রাম বন্দরে ঢোকার সময় বয়ার ধাক্কায় আটকে পড়েছে ১২৮২ কনটেইনারবাহী জাহাজ

চট্টগ্রাম বন্দরে ঢোকার সময় কর্ণফুলী নদীর মোহনায় বয়ার সঙ্গে ধাক্কার পর ১ হাজার ২৮২টি কনটেইনার নিয়ে ‘এমভি সিএনসি ইউরেনাস’ নামের মাল্টার পতাকাবাহী একটি জাহাজ আটকে (গ্রাউন্ডেড) পড়েছে।

সোমবার (৩ আগস্ট) বেলা সোয়া দুইটার দিকে বন্দর জেটিতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। তবে এতে বন্দর চ্যানেলে স্বাভাবিক জাহাজ চলাচল বন্ধ হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, বেলা ২টা ১৫ মিনিটের দিকে জাহাজটিতে আকস্মিক কারিগরি ত্রুটি দেখা দেয়। কারিগরি ত্রুটির কারণে জাহাজটি প্রথমে ২ নম্বর লাল বয়ার সঙ্গে ধাক্কা খায় এবং পরবর্তীতে রিটেইনিং ওয়ালে গিয়ে আটকে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জাহাজটিকে নিরাপদে সরিয়ে নিতে ও উদ্ধার করতে ‘কাণ্ডারী-৪’ ও ‘কাণ্ডারী-১১’ নামের দুটি শক্তিশালী টাগবোট ঘটনাস্থলে কাজ করছে। এছাড়া নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও সংশ্লিষ্ট সামুদ্রিক সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

বন্দর কর্তৃপক্ষ আরও নিশ্চিত করেছে যে, ভাটার সময়ে সাধারণত এই নৌপথে বড় জাহাজের চলাচল এমনিতেও বন্ধ থাকে। ফলে জাহাজটি আটকে থাকলেও চট্টগ্রাম বন্দরের সামগ্রিক জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।