খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি হান্নান গ্রেপ্তার

রাজধানীর বাংলামোটর এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনার অন্যতম আসামি যুবলীগ নেতা হান্নান মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশৎ

সোমবার (৩ আগস্ট) ভোররাতে চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হান্নান মিয়া তেজগাঁও থানা যুবলীগের ২ নম্বর ইউনিটের সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নের মফিজ মাঝির ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৫ সালে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনার প্রেক্ষাপটে ২০২৪ সালের ২৩ নভেম্বর ফজলুল করিম নামের এক ব্যক্তি বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দুই শতাধিক ব্যক্তিকে আসামি করে করা ওই মামলায় হান্নান মিয়া ১৭৮ নম্বর আসামি।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) গাজী কামালের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে হান্নান মিয়াকে গ্রেপ্তার করে।

ওসি আরও জানান, গাড়িবহরে হামলার মামলায় হান্নান মিয়া জামিনে থাকলেও নাশকতার অন্য একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার বিকেলেই তাকে চাঁদপুরের আদালতে সোপর্দ করা হয়েছে।

২০১৫ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বের হলে রাজধানীর বাংলামোটর এলাকায় তার গাড়িবহরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। দীর্ঘ প্রায় ১০ বছর পর ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বর্তমানে ওই মামলার আসামিদের ধরতে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।