ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমাইরেসকে দলে ভেড়াতে মরিয়া আর্সেনাল। তবে প্রথম আনুষ্ঠানিক প্রস্তাবেই 'না' বলে দিয়েছে নিউক্যাসল ইউনাইটেড।
মিডফিল্ড শক্তিশালী করতে গিমাইরেস দলে টানতে চায় ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। দীর্ঘদিনের আগ্রহের পর আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠালেও সেটি ফিরিয়ে দিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারকে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই দেখছে সেন্ট জেমস' পার্কের ক্লাবটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদন জানিয়েছে, ২৮ বছর বয়সী গিমাইরেসকে দলে ভেড়াতে নিউক্যাসলের সঙ্গে সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছে আর্সেনাল। তবে প্রথম প্রস্তাব ক্লাবটির প্রত্যাশা পূরণ করতে পারেনি।
গিমাইরেসের বর্তমান চুক্তির মেয়াদ আরও দুই বছর। পাশাপাশি চুক্তি আরও এক বছর বাড়ানোর সুযোগও রয়েছে নিউক্যাসলের হাতে। তাই তাকে বিক্রি করার কোনো চাপ অনুভব করছে না ক্লাবটি।
তবে এখানেই থেমে থাকতে চায় না আর্সেনাল। আরও বড় অঙ্কের নতুন প্রস্তাব দেয়া হবে কি না, তা নিয়ে ক্লাবের ভেতরে আলোচনা চলছে বলে জানিয়েছে ইংলিশ সংবাদমাধ্যম।