বগুড়ায় ফুটবল খেলা নিয়ে বিরোধ থামাতে গিয়ে শিক্ষার্থী নিহত

বগুড়ার শেরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ থামাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় জামিল শেখ (১৬) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। 

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

নিহত জামিল শেখ উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) ল্যাবরেটরি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলার সময় দুই পক্ষের খেলোয়াড়দের মধ্যে কথা-কাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জামিল শেখ বিরোধ মীমাংসার চেষ্টা করেন। এ সময় প্রতিপক্ষের শাকিল (২২) নামে এক যুবক তার ওপর হামলা চালিয়ে লাথি, কিল ও ঘুষি মারেন। এতে জামিল গুরুতর আহত হয়ে মাঠে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত শাকিল একই ইউনিয়নের শেরুয়া দহপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। স্থানীয়দের ভাষ্য, তিনি এলাকার একটি চাতালে ম্যানেজার হিসেবে কর্মরত। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।