মার্কিন নৌ অবরোধ সহ্য করা হবে না: ইরান

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অব্যাহত নৌ অবরোধ নিয়ে ওয়াশিংটনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা মহসেন রেজাই।

সোমবার (৩ আগস্ট) তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, অবরোধ অব্যাহত থাকলে মার্কিন জাহাজ ও সামরিক বাহিনী গুরুতর ঝুঁকি ও প্রাণহানির মুখোমুখি হবে।

মহসেন রেজাই জানান যে যুক্তরাষ্ট্রকে অবশ্যই তাদের আচরণ পরিবর্তন করতে হবে, অন্যথায় ইরান এই পরিস্থিতি কোনোভাবেই সহ্য করবে না। তিনি আরও স্পষ্ট করেন যে হরমুজ প্রণালীতে দ্বিতীয় কোনো করিডোর খোলার অনুমতি তেহরান কখনোই দেবে না।

হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে গত জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক ভেঙে যাওয়ার পর জুলাই মাসে ইরানের বন্দরগুলোতে পুনরায় অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে যে অবরোধ আরোপের পর থেকে তারা এ পর্যন্ত অন্তত ৪৪টি জাহাজের গতিপথ বদলে দিয়েছে, দুটি জাহাজ বিকল করেছে এবং আরও দুটি জাহাজে তল্লাশি চালিয়েছে।

সূত্র: আল জাজিরা