সংঘ’র্ষে আহতদের ওপর হাসপাতালেও হা’মলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সংঘর্ষে আহত শিক্ষার্থীরা চিকিৎসার জন্য ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে গেলে সেখানে আবারও হামলার ঘটনা ঘটেছে। হামলার জন্য ছাত্রদলকে দায়ী করেছেন আহত শিক্ষার্থীরা। এ ঘটনায় জকসুর নেতাসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, সাধারণ রোগী ও তাদের স্বজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও আহত শিক্ষার্থীদের অভিযোগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহতদের চিকিৎসার জন্য ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর হাসপাতালের ভেতর ও বাইরে তাদের ওপর হামলা চালানো হয়।

তাদের দাবি, হামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরাও অংশ নেন।

হামলার সময় হাসপাতালের ভেতরে ও বাইরে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং মারধরের ঘটনা ঘটে। এতে হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ, এজিএস মাসুদ রানা, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী এবং দায়িত্ব পালনরত কয়েকজন সাংবাদিক আহত হন। এছাড়া চিকিৎসা নিতে আসা কয়েকজন সাধারণ রোগী ও তাদের স্বজনও আহত হয়েছেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের একটি অনুষ্ঠানে বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পর সেখানে নতুন করে হামলার অভিযোগ ওঠে।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।